ফেনীতে পিকনিকের বাস খাদে পড়ে আহত অর্ধশত

ফেনীর দাগনভূঞায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি পিকনিক বাস খাদে পড়ে অর্ধশত যাত্রী আহত হয়েছেন। শুক্রবার ভোরে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞার তুলাতলিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নোয়াখালী ও ফেনীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত সকলে নোয়াখালী মোটরসাইকেল মেকানিক সমিতির পিকনিক বাসের যাত্রী।
নোয়াখালী মোটরসাইকেল মেকানিক সমিতির সাধারণ সম্পাদক মো. কিরণ জানান, ভোররাত ৩টার দিকে সমিতির সদস্যদের নিয়ে একুশে মুন পরিবহনের একটি বাস মাইজদী থেকে রাঙামাটির দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের যাত্রীরা সবাই আহত হন। আহতরা সবাই বিভিন্ন এলাকার বাসিন্দা।
দাগনভূঞা থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দাগনভূঞা উপজেলা সদর হাসপাতালের চিকিৎসক নাসরিন সুলতানা জানান, আহতদের মধ্যে মনোয়ারা বেগম (৩০), বিকাশ (৪০), শাহাজাদা (৩১), কাউছারা বেগম (২৫), জাহিদ (১৩), রানী সাহা (৩০), তার স্বামী বিকাশ চন্দ্র সাহা, পলি (১৮), নাহিদ (৪), মো. আলি (৪ মাস), নাজমা (১৮), শাহালম (৪০), নাজিম উদ্দিন (২৫)সহ ১৩ জনকে দাগনভূঞা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
Share on Google Plus

About dpordp

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment