প্রবীণ সাংবাদিক জয়নুল আবেদীনের ইন্তেকাল

ভাষাসৈনিক, বিশিষ্ট চলচ্চিত্র কাহিনিকার, প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য জয়নুল আবেদীন আর নেই। বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২০ ফেব্রুয়ারি প্রেসক্লাবে অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। অশীতিপর এই সাংবাদিক বেশ কিছুদিন ধরে শ্বাসতন্ত্র ও ক্রনিক লিভার সমস্যাসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি দীর্ঘদিন ঢাকায় সাংবাদিকতা করেছেন। অবাঙালি হওয়া সত্ত্বেও তিনি রাষ্ট্রভাষা বাংলার পক্ষে উর্দুতে দেয়াললিখন করে জেলে গিয়েছিলেন।
অকৃতদার জয়নুল আবেদীন বাংলাদেশের স্বাধীনতা লাভের পর এ দেশে থেকে যান। পাকিস্তানে আত্মীয়স্বজন থাকলেও তিনি সেখানে ফিরে যাননি। জাতীয় প্রেস ক্লাবে তিনি সার্বক্ষণিক সময় কাটাতেন। অসুস্থ হওয়ার পর সম্প্রতি তার ভাই মো. সিরাজউদ্দিন পাকিস্তান থেকে ঢাকায় আসেন।
আজ শুক্রবার সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। বাদ যোহর বায়তুল মোকাররমে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
Share on Google Plus

About dpordp

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment